জনগণের দুর্ভোগ কমাতে আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে: বুলবুল।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে

নিজস্ব প্রতিনিধি:

জনগণের দুর্ভোগ লাঘবের জন্য জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নুরুল ইসলাম বুলবুল।শুক্রবার (২৫ এপ্রিল) বাংলাদেশ জামায়াতে ইসলামী খিলগাঁও পশ্চিম থানা কর্তৃক আয়োজিত গণসংযোগ পক্ষের দাওয়াতী অভিযান উপলক্ষে এক পথসভায় তিনি এই কথাগুলো বলেন। তিনি আরও বলেন যে, গণহত্যার বিচার ও সংস্কারের পাশাপাশি আগামী জুনের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করে প্রধান উপদেষ্টার।

প্রতিশ্রুতি অনুযায়ী জাতীয় নির্বাচন দিতে হবে।গণহত্যার বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন কেবল ক্ষমতার পালাবদলের নির্বাচন হবে উল্লেখ করে নুরুল ইসলাম বুলবুল বলেন, ৫৪ বছর পরেও দেশের মানুষ স্বাধীনতার জন্য সংগ্রাম করছে। কারণ বিগত সময়ে স্বাধীন দেশের প্রতিটি মানুষকে পরাধীনতার শৃঙ্খলে বন্দি করে রাখা হয়েছিল। মানুষ সেই পরাধীনতার শৃঙ্খল ভেঙে ৫ আগস্ট দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে। দ্বিতীয় স্বাধীনতার চেতনা ও জনগণের প্রত্যাশিত বাংলাদেশ নির্মাণে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে।ইসলামের আদর্শিক সৌন্দর্য প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে জামায়াতে ইসলামী কাজ করছে উল্লেখ করে মো. নুরুল ইসলাম বুলবুল বলেন, জামায়াতে ইসলামী সমাজের প্রতিটি মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়ার লক্ষ্যে গণসংযোগ অভিযান শুরু করেছে। ইসলামের শিক্ষা, ইসলামি সমাজের কল্যাণ, ইসলামি সমাজে ভিন্ন ধর্মাবলম্বীদের নিরাপত্তা ও স্বাধীনতা সহ ইসলামের সামগ্রিক বিষয় সমাজের প্রতিটি মানুষের সামনে তুলে ধরছে জামায়াতে ইসলামী। জামায়াতে ইসলামী একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় মন্তব্য করে তিনি বলেন, যেখানে মানুষে মানুষে কোনো ভেদাভেদ থাকবে না, কোনো বৈষম্য থাকবে না। ধর্ম-বর্ণ, জাতি-গোষ্ঠীর কোনো বিভাজন থাকবে না। রাষ্ট্রের কাছে সকল মানুষ নাগরিক হিসেবে সমান অধিকার ও মর্যাদা লাভ করবে।জামায়াতে ইসলামীর নেতৃত্বে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে সকল মানুষের মৌলিক অধিকার রাষ্ট্র কর্তৃক নিশ্চিত করা হবে। তাই একটি নতুন বাংলাদেশে ইসলামি সমাজ বিনির্মাণে জামায়াতে ইসলামীকে সহযোগিতা করার জন্য তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান।

খিলগাঁও জোনের সহকারী পরিচালক ও খিলগাঁও পশ্চিম থানা আমির এস এম মাহমুদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য, খিলগাঁও জোনের পরিচালক মাওলানা ফরিদুল ইসলাম।মহানগরীর মজলিসে শূরা সদস্য ও খিলগাঁও পশ্চিম থানা সেক্রেটারি মুহাম্মদ রেজাউল করিমের পরিচালনায় অনুষ্ঠিত গণসংযোগ পক্ষের দাওয়াতী অভিযানে ২১টি উন্মুক্ত বুথে সাধারণ মানুষ ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সাথে জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য ফরম পূরণের মাধ্যমে দলটিতে যোগদান করেন। এসময় জোনের সকল থানা এবং ওয়ার্ডের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।