প্রথম দফায় ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে

বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ৮ লাখ রোহিঙ্গার মধ্য থেকে ১ লাখ ৮০ হাজার জনকে নিজ দেশে ফিরিয়ে নেওয়ার সম্মতি দিয়েছে মিয়ানমার।
শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, মিয়ানমার কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের মধ্যে ১ লাখ ৮০ হাজার জনকে তারা প্রত্যাবর্তনের জন্য উপযুক্ত হিসেবে চিহ্নিত করেছে।
২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে ছয় ধাপে বাংলাদেশ এই রোহিঙ্গাদের একটি তালিকা মিয়ানমারকে সরবরাহ করেছিল।
ব্যাংককে অনুষ্ঠিত ৬ষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলনের সময় শুক্রবার এক দ্বিপক্ষীয় বৈঠকে মিয়ানমারের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইউ থান শোয়ে এই তথ্য জানান বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রতিনিধি ড. খলিলুর রহমানকে।
রোহিঙ্গা সংকট নিরসনের ক্ষেত্রে এটি প্রথমবারের মতো একটি নিশ্চিত তালিকা প্রকাশের ঘটনা, যা সমস্যার টেকসই সমাধানের পথে একটি বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
এছাড়া মিয়ানমার জানায়, আরও ৫ লাখ ৫০ হাজার রোহিঙ্গার তথ্য যাচাইয়ের প্রক্রিয়াও দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।
বৈঠকে ড. খলিলুর রহমান সম্প্রতি মিয়ানমারে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের প্রতি সহানুভূতি জানান এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অতিরিক্ত মানবিক সহায়তা পাঠানোর প্রস্তুতির কথাও জানান।