নাটোর শহরের পুরাতন ডিসি বাংলোর পাশে একটি পুকুরে অস্ত্র অনুসন্ধান করতে গিয়ে মাটির নিচে সংরক্ষিত বিপুল পরিমাণ সংসদ নির্বাচনের ব্যবহৃত ব্যালট পেপার উদ্ধার করেছে পুলিশ। শনিবার বেলা ১১টার দিকে এসব ব্যালট পেপার উদ্ধার করা হয়।
নাটোর জেলা প্রশাসনের মেজারত ডেপুটি কালেক্টর মো. রাশেদুল ইসলাম জানান, খবর পেয়ে পুরাতন ডিসি বাংলো প্রাঙ্গণে গিয়ে শতাধিক বস্তা ভর্তি ব্যালট পেপার উদ্ধার করা হয়। তিনি আরও জানান, এগুলো সর্বশেষ সংসদ নির্বাচনের সময় ব্যবহৃত হয়েছিল। প্রচলিত নিয়ম অনুযায়ী, এসব ব্যালট পেপার নির্বাচন-পরবর্তী ছয় মাস ট্রেজারিতে সংরক্ষিত থাকে এবং যদি কোনো আইনি জটিলতা না থাকে, তাহলে পরে সেগুলো ধ্বংস বা অন্যত্র সরিয়ে ফেলা হয়। ধারণা করা হচ্ছে, স্থান সংকুলানের কারণে এসব ব্যালট পুরাতন ডিসি বাংলোর একটি পরিত্যক্ত ভবনে রাখা হয়েছিল। তবে কারা এগুলো সেখান থেকে সরিয়ে এনে মাটির নিচে পুঁতে রেখেছে, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
এ ব্যাপারে নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সেখানে একজন নাইটগার্ড ছিলেন, তবে তাকে এখনো এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়নি।
এদিকে, স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, ডিসি বাংলোর পাশের তালাব পুকুর থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের জন্য পানি সেচের পরিকল্পনা রয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদা শারমিন নেলী বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, এর আগের দিন, শুক্রবার, স্থানীয় এক ব্যক্তি বড়শি দিয়ে মাছ ধরতে গিয়ে ওই পুকুরে পরিত্যক্ত অবস্থায় চারটি শটগানসহ ছয়টি আগ্নেয়াস্ত্র খুঁজে পান, যা নিয়ে তদন্ত চলছে।
