ভারতের নাগ পরে ব্যাপক সহিংসতা, কারফিউ জারি

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে

ভারতের মহারাষ্ট্রের নাগপুর শহরে হিন্দু ও মুসলমানদের মধ্যে সংঘর্ষের পরিপ্রেক্ষিতে কারফিউ জারি করা হয়েছে। সোমবার (১৭ মার্চ) দুপুরে হিন্দুত্ববাদী সংগঠন বজরং দল মুঘল সম্রাট আওরঙ্গজেবের সমাধি সরানোর দাবিতে নাগপুরের মহাল এলাকায় বিক্ষোভ করে এবং আওরঙ্গজেবের একটি ছবি ও প্রতীকী সমাধি পুড়িয়ে দেয়। এ ঘটনায় সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা পরে সহিংসতায় রূপ নেয়।

সংঘর্ষ চলাকালে পাথর নিক্ষেপ, দোকান ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ব্যবহার করে এবং কারফিউ জারি করে। এ ঘটনায় ছয়জন বেসামরিক নাগরিক ও তিনজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।

নাগপুর পুলিশের ডেপুটি কমিশনার অর্চিত চন্দক জানিয়েছেন, কোরআন পোড়ানোর গুজবের ফলে এই সহিংসতা শুরু হয়, তবে এটি একটি গুজব ছিল। তিনি নাগরিকদের গুজবে কান না দেওয়ার এবং শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। মহারাষ্ট্রের স্বরাষ্ট্র দপ্তরের রাষ্ট্র মন্ত্রী যোগেশ কদম জানিয়েছেন, পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে এবং এ পর্যন্ত ৪৭ জনকে আটক করা হয়েছে।

কারফিউ জারি থাকা সত্ত্বেও নাগপুরের অন্যান্য এলাকায় জনজীবন স্বাভাবিক রয়েছে। পুলিশ নাগরিকদের প্রয়োজন ছাড়া বাইরে না বের হওয়ার অনুরোধ জানিয়েছে।