ডেস্ক রিপোর্টঃ
বিগত ১৭ বছরে দেশের শিক্ষাব্যবস্থাকে অনেক পিছিয়ে দেওয়া হয়েছে। এমনকি জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হয়েছিল এবং শিক্ষাঙ্গনে বিরাজ করেছে নৈরাজ্য—এমন মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
শনিবার (২৮ নভেম্বর) মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘অধ্যক্ষ সম্মিলন ২০২৬’-এ বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মিলনে দেশের বিভিন্ন প্রান্তের কলেজের অধ্যক্ষরা অংশ নেন।শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আগেই জানিয়েছেন, শিক্ষকদের যৌক্তিক দাবি আদায়ের জন্য রাজপথে নামার প্রয়োজন হবে না। আমিও তাঁর সঙ্গে একমত।
প্রধানমন্ত্রী আমাদের ওপর দায়িত্ব দিয়েছেন। তাই শিক্ষকদের যৌক্তিক দাবিগুলো তাঁর কাছে তুলে ধরব। তবে ক্লাস বন্ধ রেখে শিক্ষকদের রাজপথে আসা উচিত হবে না।তিনি আরও বলেন, এনটিআরসিএর বদলি ও নিয়োগসংক্রান্ত সমস্যাগুলো সরকারই সমাধান করবে। এসব জটিলতা নিরসনে কাজ চলছে। দেশের শিক্ষাব্যবস্থায় প্রয়োজনীয় পরিবর্তন আনতে সরকার প্রতিনিয়ত সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।শিক্ষামন্ত্রীর ভাষ্য, গত ১৭ বছরে পরিকল্পনাহীনভাবে বিভিন্ন স্থানে শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। কিন্তু শিক্ষার মান উন্নয়নে ছিল না সুষম পরিকল্পনা ও বণ্টনব্যবস্থা। অনেক কলেজে অনার্স কোর্স চালু করা হলেও সেখানে প্রয়োজনীয় শিক্ষক ও শিক্ষার্থীর অভাব রয়েছে।
তিনি বলেন, দেশের বিপুল জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে পরিণত করাই বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। সরকার এখন শুধু অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ থাকতে চায় না; বরং শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং কর্মমুখী শিক্ষার প্রসারে বিশেষ গুরুত্ব দিচ্ছে।এ সময় মন্ত্রী আরও উল্লেখ করেন, বিশ্বজুড়ে দক্ষ পাইলট ও এভিয়েশন খাতের প্রশিক্ষিত জনবলের চাহিদা বাড়ছে। বাংলাদেশেও বিমানবহর সম্প্রসারিত হচ্ছে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের কোর্স ও পাঠ্যক্রম দ্রুত আধুনিকায়ন করে দক্ষ পাইলট এবং এ খাতের প্রয়োজনীয় জনবল তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। এ ছাড়া মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক বক্তব্য দেন।
