বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু বলেছেন, যারা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনা অস্বীকার করে, তাদের এ দেশে নির্বাচন করার কোনো অধিকার নেই। মঙ্গলবার দুপুরে রাজধানীতে একটি আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস যারা মানে না, তাদের ভোট চাওয়ার অধিকারও নেই। দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু নির্বাচন না হলে ফ্যাসিবাদ আরও দৃঢ় হবে এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে দায়ী থাকতে হবে।
সাবেক মন্ত্রী মশিয়ূর রহমান যাদু মিয়ার ৪৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই সভায় বরকতউল্লাহ বুলু বলেন, যাদু মিয়া ছিলেন প্রকৃত দেশপ্রেমিক রাজনীতিবিদ। দেশের গণতন্ত্র রক্ষায় তার মতো নেতৃত্বের এখনো প্রয়োজন।
তিনি আরও জানান, খুব শিগগিরই একটি রোডম্যাপ প্রকাশ করা হবে এবং সবাইকে সঙ্গে নিয়ে জাতীয় সরকার গঠনের আহ্বান জানান। তিনি অভিযোগ করেন, উপদেষ্টারা পদত্যাগের পরও রাষ্ট্রীয় সুবিধা ব্যবহার করে দল গঠন করেছে এবং অর্থ ব্যয় করেছে।
এসময়, জামায়াতে ইসলামীর একজন শীর্ষ নেতা একসময় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে মন্তব্য করেন বরকতউল্লাহ বুলু। তিনি বলেন, যারা দেশের স্বাধীনতার মূল ভিত্তিকে অস্বীকার করে, তাদের নির্বাচনে অংশগ্রহণের অধিকার থাকা উচিত নয়।
সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুও বক্তব্য দেন। তিনি বলেন, যাদু মিয়া গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার প্রত্যাশা ব্যক্ত করে তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এছাড়া, বিএনপি নির্বাচনমুখী দল উল্লেখ করে দ্রুত একটি নির্বাচনী রোডম্যাপ দেওয়ার প্রয়োজনীয়তার কথা বলেন।
