কক্সবাজারে ৬ চীনা নাগরিক আটক, ২ হাজার আইফোন উদ্ধার
নিজস্ব প্রতিনিধিঃ
কক্সবাজার শহরের একটি হোটেল থেকে বিপুলসংখ্যক আইফোন ও ল্যাপটপসহ চীনের ছয় নাগরিককে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে অনলাইনভিত্তিক প্রতারণার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে সাইবার আইনে মামলা করার প্রস্তুতি চলছে।
বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত কক্সবাজার শহরের হোটেল সি-প্যালেসে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান জানান, রামু থানায় করা একটি অভিযোগের সূত্র ধরে ঢাকার পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে হোটেল সি-প্যালেসে অভিযান চালানো হয়। এ সময় ছয় চীনা নাগরিককে আটক করা হয়।
অভিযানে তাদের কাছ থেকে প্রায় ২ হাজার আইফোন ও শতাধিক ল্যাপটপ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া বিদেশি পুলিশের ব্যবহৃত যোগাযোগ সরঞ্জামের মতো কিছু সামগ্রীও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, গত কয়েক মাস ধরে ২০০ থেকে ৩০০ জন চীনা ও তাইওয়ানি নাগরিক কক্সবাজারের মেরিন ড্রাইভ এলাকার দুটি হোটেল ভাড়া নিয়ে অবস্থান করছেন।
তাদের বিরুদ্ধে অনলাইনভিত্তিক প্রতারণামূলক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ রয়েছে।অভিযোগের ভিত্তিতে তাদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। আটক ছয়জনের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
