চরম বিপর্যয়ের পর ৭ ক্রিকেটারকে বাদ দিলো পাকিস্তান।

লেখক: Tushar Imran
প্রকাশ: ২৩ ঘন্টা আগে

স্পোর্টস ডেস্ক:

ইংল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের টেস্ট সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের আগে পাকিস্তান দলে বড় ধরনের পরিবর্তন এনেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বার্মিংহামে ৯ থেকে ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটির জন্য দলের সাত ক্রিকেটারকে স্কোয়াড থেকে ছেড়ে দেয়া হয়েছে।

জিও সুপারের প্রতিবেদনে বাদ পড়া ক্রিকেটারদের মধ্যে রয়েছেন ওপেনার ইমাম-উল-হক ও আওয়াইস জাফর, উইকেটকিপার-ব্যাটার মোহাম্মদ রিজওয়ান, অলরাউন্ডার সালমান আলী আগা ও আমির জামাল, বাঁহাতি স্পিনার আলী উসমান এবং ডানহাতি পেসার খুররম শাহজাদ। তাদের জায়গায় দলে নেয়া হয়েছে টপ অর্ডার ব্যাটার সাইম আইয়ুব ও আবদুল্লাহ ফাজালকে। এছাড়া অলরাউন্ডার আরাফাত মিনহাস, মোহাম্মদ ইমরান ও রাজাউল্লাহ, পেসার মোহাম্মদ ইমরান জুনিয়র এবং উদীয়মান উইকেটকিপার-ব্যাটার সাদ বেগকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এবারের কায়েদ-ই-আজম ট্রফিতে টুর্নামেন্টসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন সাদ বেগ।শুধু খেলোয়াড় নয়, কোচিং স্টাফেও পরিবর্তন এনেছে পিসিবি। প্রধান কোচ সরফরাজ আহমেদ ও বোলিং কোচ উমর গুলকে দল থেকে ছেড়ে দেয়া হয়েছে। তাদের পরিবর্তে দায়িত্ব দেয়া হয়েছে সাদা বলের প্রধান কোচ মাইক হেসন ও অ্যাশলে নফকেকে।চলতি সিরিজে পাকিস্তানের হতাশাজনক পারফরম্যান্সের পরই এই পরিবর্তন আনা হয়েছে। সিরিজের প্রথম দুই টেস্টেই বড় ব্যবধানে হেরেছে পাকিস্তান। প্রথম টেস্টে তারা এক ইনিংস ও ১০৩ রানে এবং দ্বিতীয় টেস্টে ১৯৪ রানে পরাজিত হয়।

তৃতীয় টেস্টের জন্য পাকিস্তানের স্কোয়াড:

বাবর আজম (অধিনায়ক), আবদুল্লাহ ফাজাল, আরাফাত মিনহাস, আজান আওয়াইস, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ আলী, মুহাম্মদ ইমরান, মোহাম্মদ ইমরান জুনিয়র, মুহাম্মদ গাজী ঘোরি (উইকেটকিপার), রাজাউল্লাহ, সাদ বেগ (উইকেটকিপার), সাইম আইয়ুব, সাজিদ খান, সৌদ শাকিল, শান মাসুদ ও উবায়েদ শাহ।