নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস মালয়েশিয়ার শীর্ষস্থানীয় টেলিকম প্রতিষ্ঠান আজিয়াটাকে দেশে ৫জি পরিষেবা চালু ও ডেটা সেন্টারে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার (১২ আগস্ট) মালয়েশিয়ায় আজিয়াটার প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।
অধ্যাপক ইউনূস বলেন, বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনীতি ও বৈশ্বিক ডিজিটাল অর্থনীতিতে বিনিয়োগ আকর্ষণের জন্য উচ্চগতির ইন্টারনেট অপরিহার্য। তিনি জানান, অন্তর্বর্তী সরকার শীর্ষ টেলিকম অপারেটরদের জন্য ব্যবসাবান্ধব পরিবেশ তৈরির লক্ষ্যে লাইসেন্সিং প্রক্রিয়া সহজ করছে।
সেলুলার অপারেটর রবির মূল সংস্থা আজিয়াটার গ্রুপ সিইও বিবেক সুদ জানান, তারা ইতোমধ্যে বাংলাদেশে ৫জি পরীক্ষা চালিয়েছেন। তবে সম্পূর্ণ ৫জি নেটওয়ার্ক স্থাপনের জন্য ফাইবার অপটিক অবকাঠামো সম্প্রসারণ জরুরি। তিনি আরও বলেন, আজিয়াটা বাংলাদেশে ডেটা সেন্টারের জন্য যৌথ উদ্যোগে অংশ নিতে আগ্রহী।
তবে বিবেক সুদ ৫জি বিনিয়োগে কিছু চ্যালেঞ্জের কথাও উল্লেখ করেন, যার মধ্যে রয়েছে উচ্চমূল্যের স্পেকট্রাম ফি ও খণ্ডিত লাইসেন্সিং ব্যবস্থা—যা বিদেশি বিনিয়োগকারীদের সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে। আজিয়াটার প্রতিনিধি দলে ছিলেন গ্রুপের চেয়ারম্যান শাহরিল রিদজা রিদজুয়ান। বাংলাদেশের পক্ষ থেকে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, আইন উপদেষ্টা আসিফ নজরুল, জ্বালানি উপদেষ্টা ফৌজুল কবির খানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
