নিজস্ব প্রতিনিধি:
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ১৪৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ৫৬০ জন আহত হয়েছেন।বুধবার (১৮ জুন) স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত একদিনে বিভিন্ন হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রে ১৪৪ জনের মরদেহ আনা হয়েছে এবং ৫৬০ জন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে চারজনের মরদেহ ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়েছে।মন্ত্রণালয় আরও অভিযোগ করেছে যে, ইসরায়েল আবারও আন্তর্জাতিক ও জাতিসংঘের সংস্থাগুলোকে হাসপাতালগুলোর জন্য নির্ধারিত জ্বালানি সংরক্ষণস্থলে প্রবেশে বাধা দিচ্ছে। দখলদার দেশটি দাবি করছে যে, এই সংরক্ষণস্থলগুলো ‘রেড জোন’-এ অবস্থিত। এ অবস্থায় মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, হাসপাতালগুলোর হাতে থাকা জ্বালানি মজুত মাত্র তিন দিনের জন্য যথেষ্ট।উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় শুরু হওয়া ইসরায়েলের ভয়াবহ আগ্রাসনে এ পর্যন্ত ৫৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ১ লাখ ২৬ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন। এছাড়া, হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছেন, যাদের জীবিত থাকার সম্ভাবনা নেই বললেই চলে।সূত্র: আল জাজিরা, বিবিসি বাংলা।
