হোসেনপুর( কিশোরগঞ্জ) প্রতিনিধি :
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ তিনজনকে আটক করেছে মোবাইল কোর্ট। এর মধ্যে দুইজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (২০ আগস্ট ২০২৫) বিকাল ৪টার দিকে হোসেনপুর পৌরসভার দ্বিপেশ্বর এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী নাহিদ ইভা।
অভিযানে কিশোরগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং হোসেনপুর থানা পুলিশ সহযোগিতা করে। অভিযানে পূর্ব দ্বিপেশ্বরের মো. নয়ন মিয়ার কাছ থেকে ৯৩ পিস ইয়াবা ও ১৮ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তাকে হোসেনপুর থানায় সোপর্দ করা হয়েছে এবং এ ঘটনায় একটি নিয়মিত মামলা দায়ের হয়েছে। একই সময় মো. জুয়েল মিয়াকে গাঁজা সেবনরত অবস্থায় সরঞ্জামাদিসহ আটক করা হয়। মোবাইল কোর্ট তাকে ১ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেয়।
এছাড়া কুলেশ্বরী মন্দির সংলগ্ন শ্মশান ঘাট এলাকায় অভিযান চালিয়ে আরও এক ব্যক্তিকে ১৪ গ্রাম গাঁজা ও সরঞ্জামাদিসহ আটক করা হয়। জব্দকৃত গাঁজা ধ্বংস করা হয় এবং তাকে ১ বছরের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা বলেন, “মাদকবিরোধী এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।”
