নিজস্ব প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় কবিতা নাগ (৫০) নামের এক স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি দীর্ঘদিন ধরে চান্দাইকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।রোববার (২৭ জুলাই) সকালে উপজেলার চান্দাইকোনা এলাকার নিজ বাড়ির বারান্দা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম মাসুদ রানা।পারিবারিক সূত্রে জানা যায়, কবিতা নাগ তার স্বামী আকাশ বিশ্বাস ও কন্যা বর্ষাকে নিয়ে চান্দাইকোনা নাগপাড়ায় বসবাস করতেন। শনিবার রাতে সবাই একসঙ্গে রাতের খাবার শেষ করে ঘুমাতে যান।
তবে ভোরে ঘুম থেকে উঠে কবিতা নাগকে বিছানায় না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। একপর্যায়ে বাড়ির বারান্দার গ্রিলের সঙ্গে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান তারা।পরে খবর পেয়ে রায়গঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।নিহতের স্বামী আকাশ বিশ্বাস জানান, গত কয়েক মাস ধরে কবিতা মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। তিনি বলেন, “অনেক চেষ্টা করেছি তাকে স্বাভাবিক রাখতে, কিন্তু হয়তো হতাশা থেকেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন।
”বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহমুদুল হাসান বলেন, “গত কিছুদিন ধরে কবিতা ম্যাডামের কথাবার্তা ও আচরণে অস্বাভাবিকতা লক্ষ্য করা যাচ্ছিল। বিষয়টি আমরা তার পরিবারকেও জানিয়েছিলাম।”এ বিষয়ে ওসি কে এম মাসুদ রানা জানান, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এটি আত্মহত্যা, না কি অন্য কোনো কারণ—তা তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই নিশ্চিতভাবে বলা যাবে।”
