সিঙ্গাপুর থেকে ৫৩১.৫৫ কোটি টাকায় এলএনজি আসছে।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে

নিজস্ব প্রতিনিধি:

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে স্পট মার্কেট থেকে এক কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। সিঙ্গাপুরের একটি প্রতিষ্ঠান থেকে এই এলএনজি আনতে খরচ হবে ৫৩১ কোটি ৫৫ লাখ ৮০ হাজার ৩৪৫ টাকা।
গতকাল মঙ্গলবার (৮ জুলাই) সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়। বৈঠক সূত্রে জানা গেছে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের ভিত্তিতে ‘পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮’ অনুযায়ী আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়ার মাধ্যমে স্পট মার্কেট থেকে এক কার্গো এলএনজি (২৮-২৯ জুলাই, ২০২৫ তারিখে ৩২তম) আমদানির প্রস্তাবে উপদেষ্টা পরিষদ কমিটি অনুমোদন দিয়েছে।
পেট্রোবাংলা এই এক কার্গো এলএনজি সরবরাহের জন্য এমএসপিএ স্বাক্ষরকারী চুক্তিবদ্ধ ২৩টি প্রতিষ্ঠানের কাছে দরপ্রস্তাব আহ্বান করলে ৫টি প্রতিষ্ঠান প্রস্তাব দাখিল করে। দাখিল করা সব প্রস্তাবই কারিগরি ও আর্থিকভাবে উপযুক্ত বিবেচিত হয়। দরপত্রের সব প্রক্রিয়া শেষে প্রস্তাব মূল্যায়ন কমিটি (পিইসি)-এর সুপারিশের পরিপ্রেক্ষিতে সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান সিঙ্গাপুরের ভাইটল এশিয়া প্রাইভেট লিমিটেড থেকে এই এলএনজি আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতি এমএমবিটিইউ-এর দাম ১২.৬২ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। এর ফলে, এক কার্গো বা ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি আমদানিতে মোট ব্যয় হবে ৫৩১ কোটি ৫৫ লাখ ৮০ হাজার ৩৪৫ টাকা।