সংস্কার সংস্কারের মতো চলবে আর নির্বাচন নির্বাচনের মতো

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংস্কার ও নির্বাচন পরস্পর বিরোধী কিছু নয়; উভয় প্রক্রিয়া নিজ নিজ ধারায় চলবে। বিএনপি সংস্কারের প্রস্তাব যথাযথ বিশ্লেষণের পরেই তাদের মতামত দিয়েছে বলে তিনি উল্লেখ করেন।

মঙ্গলবার (১ এপ্রিল) ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের সময় এসব কথা বলেন তিনি।

চীনের সাথে সম্পর্কের বিষয়ে বিএনপি মহাসচিব বলেন, অতীতে আওয়ামী লীগ সরকারের সময় দেশটি এককভাবে একটি দলের সঙ্গে সম্পর্ক রেখেছিল, তবে বর্তমানে তারা সকল রাজনৈতিক দলের সাথে যোগাযোগের কৌশল নিয়েছে। বাংলাদেশে উৎপাদন ও উন্নয়নে চীনের বিনিয়োগের প্রতিশ্রুতি দেশের জন্য ইতিবাচক বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, যেসব বিষয়ে ঐক্যমত হবে, সেগুলোর ভিত্তিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচিত প্রতিনিধিরাই সংস্কারের দায়িত্ব নেবে বলে উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাফরুল্লাহ, যুবদলের সদস্য সচিব জাহিদ হাসান, ছাত্রদলের সভাপতি মোহাম্মদ কায়েসসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।