সংসদ নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ: ইসি সচিব।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১ মাস আগে

নিজস্ব প্রতিনিধি:

বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে প্রায় ১৫০ জন পর্যবেক্ষক বাংলাদেশে আসতে পারেন। ইইউ দল একটি সমঝোতা স্মারকের খসড়া দিয়েছে, যা পর্যালোচনা করার পর চূড়ান্ত চুক্তির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।সোমবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইইউ’র প্রাক-নির্বাচনি বিশেষজ্ঞ দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য দেন ইসি সচিব।

তিনি বলেন, পর্যবেক্ষকরা সবাই একসঙ্গে আসবেন না। তফসিল ঘোষণার পর তারা ভাগ হয়ে, বিভিন্ন সময়ে বাংলাদেশে আসবেন।ইসি সচিব আরও জানান, ইইউ দল নানা প্রশ্ন করেছে—তারা ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন কি না, গোপন কক্ষ দেখতে পারবেন কি না, ভোট গণনার সময় উপস্থিত থাকতে পারবেন কি না ইত্যাদি। এর বাইরে আর কোনও বিষয়ে আলোচনা হয়নি।