জাতীয় নাগরিক কমিটি এক বিবৃতিতে সংক্ষুব্ধ ছাত্র জনতার মিছিলে পুলিশের লাঠিচার্জের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা জানিয়েছে। কমিটির মুখপাত্র সামান্তা শারমিনের পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, বৃহস্পতিবার সংক্ষুব্ধ ছাত্র জনতার ব্যানারে আয়োজিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে শিক্ষাভবন মোড় থেকে কার্জন হল পর্যন্ত মিছিলকারীদের ওপর পুলিশ লাঠিচার্জ চালায়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থীসহ মো. বাবুল নামে একজন পথচারী আহত হয়েছেন।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, একজন নারী শিক্ষার্থীর ওপর পুলিশের নির্মম লাঠিচার্জের ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং অমানবিক। জাতীয় নাগরিক কমিটি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, পুলিশের এমন আচরণ একটি ফ্যাসিবাদী ব্যবস্থার টিকে থাকার প্রতিফলন। ঔপনিবেশিক কাঠামোয় গড়ে ওঠা এবং ফ্যাসিবাদী ধাঁচে বিকশিত হওয়া এই পুলিশি ব্যবস্থার সংস্কার অত্যন্ত জরুরি।
বিবৃতিতে আরও বলা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার ইতোমধ্যে পুলিশি ব্যবস্থা সংস্কারের জন্য ‘পুলিশ সংস্কার কমিশন’ গঠন করেছে। জাতীয় নাগরিক কমিটি এই কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে, যেন তারা দ্রুত সরকারের কাছে একটি কার্যকর, জনমুখী এবং মানবিক পুলিশি ব্যবস্থার প্রস্তাব পেশ করে।
উল্লেখ করা হয়, পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দ থাকা না থাকা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের পর এই আন্দোলন শুরু হয়। এর আগে বুধবার এক পক্ষের মিছিলে হামলার অভিযোগ ওঠে। যদিও অভিযোগটি আরেক পক্ষ অস্বীকার করেছে। এই ঘটনার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার মিছিলের আয়োজন করা হয়।
