রোহিঙ্গা সংকটের সমাধান এবং আসিয়ান সেক্টোরাল ডায়ালগ পার্টনার হিসেবে বাংলাদেশের অন্তর্ভুক্তি নিয়ে মালয়েশিয়া তাদের সহযোগিতা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
বুধবার (১৯ ডিসেম্বর) মিশরের কায়রোতে সেন্ট রেজিস হোটেলে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে মালয়েশিয়ার উচ্চশিক্ষামন্ত্রী ড. জাম্বরি আবদুল কাদির এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
ড. জাম্বরি বলেন, “আমরা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার অপেক্ষায় আছি।”
বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়। এর মধ্যে রয়েছে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের নিয়োগ, উচ্চশিক্ষার ক্ষেত্রে সহযোগিতা, রোহিঙ্গা সংকটের সমাধান এবং আসিয়ানে বাংলাদেশের সম্ভাব্য যোগদান।
রোহিঙ্গা সংকট প্রসঙ্গে ড. জাম্বরি একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের প্রস্তাব দেন এবং এ বিষয়ে মালয়েশিয়ার সমর্থনের আশা প্রকাশ করেন।
অন্যদিকে, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস রাখাইন অঞ্চলের বাস্তুচ্যুত জনগণের জন্য জাতিসংঘের তত্ত্বাবধানে একটি নিরাপদ এলাকা প্রতিষ্ঠার প্রস্তাব দেন, যা ড. জাম্বরি সমর্থন করেছেন।
সূত্র: বাসস
