মঠবাড়িয়ায় মুবিন হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে অবস্থান কর্মসূচি পালিত।

লেখক: এজাজ চৌধুরী
প্রকাশ: ১২ মাস আগে

মঠবাড়িয়া প্রতিনিধিঃ

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় মুবিন হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মঠবাড়িয়া থানার মোড়ে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ জুলাই) সকাল ১১ টার দিকে মুবিন স্মৃতি পাঠাগার ও স্থানীয়দের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। অবস্থান কর্মসূচিতে বিভিন্ন শ্রেনী পেশার শতাধিক মানুষ অংশ নেয়। নৃশংস হত্যাকান্ডের শিকার মেধাবী ছাত্র মঞ্জুর মোর্শেদ মুবিন মঠবাড়িয়া পৌরসভার ৮ নং ওয়ার্ডের ইদ্রিস আলী মহারাজের ছেলে।

সে রাজধানীর মাইলস্টোন কলেজ থেকে এইচএসসি পাশের পর মিরপুর কলেজে হোটেল ম্যানেজমেন্ট বিষয়ে অনার্স ২য় বর্ষে অধ্যায়নরত ছিল। গত ১৬ জুলাই স্থানীয়ভাবে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মঠবাড়িয়া পৌরসভার নিউমার্কেট এলাকায় তাকে নৃশংসভাবে প্রকাশ্যে কুপিয়ে গুরুতর জখম করা হয়। ১৭ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

এ ঘটনায় ১৯ জুলাই মঠবাড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। কিন্তু থানা পুলিশ এখন পর্যন্ত ঘটনার সাথে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারে নাই।এতে নিহতের পরিবার ও স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে রবিবার অবস্থান কর্মসূচি পালন করে। এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা ও মঠবাড়িয়া থানার উপ পরিদর্শক (এসআই) রুহুল আমিন জানান, আসামীদের গ্রেপ্তার চেষ্টা অব্যাহত আছে।

আশা করি, খুব শীঘ্রই গ্রেপ্তার করতে পারবো।মঠবাড়িয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) তালুকদার হালিম জানান,আসামীদের গ্রেপ্তারের দাবিতে থানার পাশে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে । আমরাও আসামীদের দ্রুত গ্রেপ্তারে তৎপর রয়েছি।