বেইজিংয়ে ভয়াবহ বন্যা: বন্যায় বৃদ্ধাশ্রমে ৩১ জনের মৃত্যু।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২ মাস আগে

নিজস্ব প্রতিনিধি:

চীনের বেইজিংয়ের উপকণ্ঠে টানা ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় একটি বৃদ্ধাশ্রমে আটকে পড়ে ৩১ জনের মৃত্যু হয়েছে। নিহতদের বেশিরভাগই চলাফেরায় অক্ষম ছিলেন।বৃহস্পতিবার (৩১ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।প্রতিবেদনে বলা হয়, বেইজিংয়ের মিয়ুন জেলার একটি নার্সিংহোমে হঠাৎ করে বন্যার পানি ঢুকে পড়ে। এতে অনেকে ভেতরে আটকা পড়ে যান।

বুকসমান পানির মধ্যে দিয়ে উদ্ধারকারী দল সেখানে পৌঁছালেও ততক্ষণে অনেকেরই মৃত্যু ঘটে।চীনের স্থানীয় সংবাদমাধ্যম জানায়, দুর্ঘটনার সময় নার্সিংহোমটিতে মোট ৭৭ জন ছিলেন। বন্যার পানি যখন প্রায় ছয় ফুট পর্যন্ত উঠে যায়, তখন অন্তত ৪০ জন ভেতরে আটকে পড়েন।তাইশিটুন শহরের এই বৃদ্ধাশ্রমে সাধারণত দুর্বল, অসুস্থ, স্বল্প আয়ের এবং সমাজকল্যাণ সুবিধাভোগী প্রবীণদের সেবা দেওয়া হতো।

স্থানীয় প্রশাসন স্বীকার করেছে, জরুরি প্রস্তুতির ক্ষেত্রে বড় ধরনের ঘাটতি ছিল। এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, “এই এলাকা এতদিন নিরাপদ বলেই বিবেচিত ছিল, তাই সরিয়ে নেওয়ার পরিকল্পনা ছিল না।”তিনি আরও বলেন, “এখন আমরা বুঝতে পারছি—জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকি বেড়েছে। আমরা চরম আবহাওয়ার সম্ভাব্য প্রভাব সম্পর্কে যথেষ্ট প্রস্তুত ছিলাম না। এই করুণ ঘটনা আমাদের জন্য এক ধরনের সতর্কবার্তা।”