বিশ্ব ইজতেমার তৃতীয় ধাপের আখেরি মোনাজাত হবে আজ

লেখক: আলোক
প্রকাশ: ১ বছর আগে

টঙ্গীর তুরাগতীরে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমার তৃতীয় ধাপ আজ আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হতে যাচ্ছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টার মধ্যে মোনাজাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যা দিল্লির মাওলানা সাদ অনুসারীদের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে।

মোনাজাতে অংশগ্রহণকারী মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে রেলওয়ে বিভাগ ৮টি বিশেষ ট্রেন চালু করেছে। বনলতা, কক্সবাজার এক্সপ্রেস, সুবর্ণলতা, পর্যটক এক্সপ্রেস ও সোনার বাংলা ব্যতীত অন্যান্য সব ট্রেন টঙ্গী স্টেশনে যাত্রাবিরতি করবে। ইজতেমার নিরাপত্তা নিশ্চিত করতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ তাদের নজরদারি জোরদার করেছে।

মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম জানান, ফজরের পর বয়ান দেন দিল্লির মাওলানা ইলিয়াস বিন সাদ, যার বাংলা তরজমা করেন মাওলানা ওসামা ইসলাম। সকাল সাড়ে ৯টায় তালিম অনুষ্ঠিত হয় এবং ১০টা থেকে খিত্তায় তালিম শুরু হয়। জোহরের নামাজের পর বয়ান দেন মাওলানা মোস্তফা খলিল, যার তরজমা করেন মাওলানা রুহুল আমিন। আসরের নামাজের পর হাফেজ মঞ্জুরের বয়ান হয়।

মাগরিবের পর মাওলানা ইউসুফ বিন সাদের বয়ান হয়, যার তরজমা করেন মাওলানা মুনির বিন ইউসুফ। আগামীকাল ফজরের নামাজের পর ভারতের মোরসালিন বয়ান করবেন, আর তরজমা করবেন মাওলানা ওসামা ইসলাম। এছাড়া, মাওলানা ইউসুফ বিন সাদ হেদায়েতের কথা বলবেন, যা মাওলানা মুনির বিন ইউসুফ তরজমা করবেন।

বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনে ৮৫টি খিত্তায় দেশ-বিদেশের মুসল্লিরা অবস্থান নিয়ে তাবলিগের দিকনির্দেশনা শুনেছেন। এবারের ইজতেমার তৃতীয় ধাপে ৪৮টি দেশের ১,৪৫০ জন বিদেশি মুসল্লি অংশ নিয়েছেন, যারা ময়দানের উত্তর-পশ্চিমাংশে নির্ধারিত খিত্তায় অবস্থান করছেন।

এ পর্যন্ত ইজতেমার তৃতীয় ধাপে তিনজন মুসল্লির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে খুলনার লবণচড়া এলাকার দিদার তরফার (৫৫) মারা যান। শুক্রবার সকালে বগুড়ার শেরপুরের নাজমুল হোসেন (৭৫) এবং রাতে শরীয়তপুরের নড়িয়ার আব্দুল আজিজ শেখ (৬০) মৃত্যুবরণ করেন।

আখেরি মোনাজাত শেষে অনেক বিদেশি মুসল্লি আরও একদিন ময়দানে অবস্থান করতে পারেন।