বিশিষ্ট প্রাবন্ধিক ও শিক্ষাবিদ অধ্যাপক যতীন সরকার আর নেই।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১ মাস আগে


নিজস্ব প্রতিনিধি:

বুধবার (১৩ আগস্ট) বিকেল পৌনে ৩টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার ছেলে সুমন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

দীর্ঘদিন ধরে কিডনি জটিলতা, নিউমোনিয়া এবং বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি। গত ৮ আগস্ট ময়মনসিংহ মেডিকেলে ভর্তি হয়ে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। এর আগে চলতি বছরের জুন মাসে একাধিক কারণে তার শরীরে অস্ত্রোপচার হয়। পরে তিনি ময়মনসিংহে মেয়ের বাসায় ছিলেন। পুনরায় অসুস্থ হয়ে পড়লে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার কিছুটা উন্নতি হলে আবার ময়মনসিংহে নেওয়া হয়, কিন্তু আজ বিকেল পৌনে ৩টায় তিনি মৃত্যুবরণ করেন।

বিকেল ৪টায় তার মরদেহ জেলা উদীচী কার্যালয়ে সর্বসাধারণের শ্রদ্ধার জন্য রাখা হবে, এরপর নিজ জেলা নেত্রকোনায় নিয়ে গিয়ে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হবে।

১৯৩৬ সালের ১৮ আগস্ট নেত্রকোনার কেন্দুয়া উপজেলার চন্দপাড়া গ্রামে জন্ম নেয়া যতীন সরকার ময়মনসিংহের নাসিরাবাদ কলেজের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক ছিলেন। সুদীর্ঘকাল তিনি মননশীল সাহিত্যচর্চা, বামপন্থী রাজনীতি ও প্রগতিশীল আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি দুই মেয়াদে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেন।

লেখক হিসেবে তিনি ২০১০ সালে স্বাধীনতা পুরস্কার, ২০০৭ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারসহ ড. এনামুল হক স্বর্ণপদক, খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার, মনিরুদ্দীন ইউসুফ সাহিত্য পুরস্কারসহ অসংখ্য সম্মাননা অর্জন করেন।

৪২ বছরেরও বেশি সময় শিক্ষকতা শেষে ২০০২ সালে অবসর নেন এবং স্ত্রী কানন সরকারকে নিয়ে নিজ জেলা নেত্রকোনায় ফিরে যান। মৃত্যুর আগ পর্যন্ত শহরের সাতপাই এলাকায় নিজ বাড়িতে বসবাস করছিলেন তিনি।