নিজস্ব প্রতিনিধি:
কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের আগমনী বাজারের পাশে ভেলং নামে এক ব্যক্তির বাড়ির কাক ডুমুর (খোকসা) গাছ থেকে ১০ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। সাপটি দেখতে মুহূর্তেই ছুটে আসেন শত শত কৌতূহলী মানুষ।শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে গ্রামের কাঁচা সড়কের পাশে থাকা ওই গাছের গোড়ায় অজগরটিকে শুয়ে থাকতে প্রথম দেখতে পায় এক শিশু। শিশুটি চিৎকার দিলে আশপাশের লোকজন জড়ো হয়ে যায়।
হইচই শুনে ভয় পেয়ে সাপটি গাছ বেয়ে প্রায় ১২ থেকে ১৫ ফুট ওপরে উঠে একটি ডালে আশ্রয় নেয়। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে নারী-শিশুসহ নানা বয়সের শত শত মানুষ সাপটিকে দেখার জন্য ছুটে আসে।পরে গ্রিন ভিলেজ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী মো. হোসেন আলী সাপটিকে উদ্ধার করেন। বনবিভাগের সহায়তায় সেটিকে বস্তায় ভরে বন বিভাগের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে আলোচনার মাধ্যমে নিরাপদ স্থানে অবমুক্ত করার সিদ্ধান্ত জানানো হয়।
স্থানীয় বাসিন্দা দুলাল মিয়া বলেন, “আমাদের এলাকায় এর আগে কখনো এমন ঘটনা ঘটেনি। হঠাৎ অজগর সাপ দেখে সবাই আতঙ্কিত হয়ে পড়েছিল। সম্ভবত এটি কাছের ধরলা নদী থেকে চলে এসেছে।”বন বিভাগের কর্মকর্তা আশরাফুল হক জানান, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং সাপটিকে উদ্ধার করেন। শিগগিরই এটিকে নিরাপদ স্থানে অবমুক্ত করা হবে।গ্রিন ভিলেজ ফাউন্ডেশনের চেয়ারম্যান এম. রশিদ আলী বলেন, “অজগরটি প্রথমে স্থানীয়দের চোখে পড়ে।
আমাদের স্বেচ্ছাসেবক হোসেন আলী সেটিকে উদ্ধার করে বন বিভাগ ও প্রশাসনের সহযোগিতায় অফিসে নিয়ে আসে।”তিনি আরও জানান, উদ্ধার হওয়া অজগরটির দৈর্ঘ্য প্রায় ১০ ফুট এবং বয়স আনুমানিক ১০ বছর হতে পারে।
