বঙ্গোপসাগরে নিম্নচাপ, উত্তাল কুয়াকাটা।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২ মাস আগে

নিজস্ব প্রতিনিধি :

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে উপকূলীয় জেলা পটুয়াখালীতে বিরাজ করছে দুর্যোগপূর্ণ আবহাওয়া। উপকূলজুড়ে থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং দমকা হাওয়া বইছে।

অন্যদিকে, কুয়াকাটার সাগর অনেকটাই উত্তাল। জোয়ারের পানির স্তর স্বাভাবিকের চেয়ে কিছুটা বেড়ে গেছে। এতে কুয়াকাটা সৈকতের অনেক দোকানপাট পানিতে তলিয়ে গেছে, ফলে বেচাকেনা ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে।

এছাড়া, জোয়ারের পানিতে গলাচিপার রামনাবাদ নদীর ফেরিঘাটের গ্যাংওয়ে ডুবে গেছে। এতে করে তিন ঘণ্টারও বেশি সময় ধরে ফেরি চলাচল বন্ধ রয়েছে এবং দুই পাড়ে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

নিম্নচাপের প্রভাবে নদীর পানি বাড়তে থাকায় গলাচিপা, রাঙ্গাবালী, দশমিনা এবং বাউফল উপজেলার চরাঞ্চলের মানুষদের দুর্ভোগ বেড়েছে। এসব এলাকার প্রায় ৩০টিরও বেশি চরের রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে।

বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের রায়সাহেব গ্রামের বাসিন্দা আজহার উদ্দিন বলেন, ‘আমার ঘরের ভিটা ছাড়া সব কিছু পানিতে তলিয়ে গেছে। চারপাশে শুধু পানি আর পানি।’

এই একই অবস্থা তেঁতুলিয়া নদীঘেরা চরাঞ্চলগুলোতেও লক্ষ্য করা গেছে।

পটুয়াখালী আবহাওয়া অফিসের ইনচার্জ মাহবুবা সুখী জানান, ‘বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি পায়রা সমুদ্রবন্দর থেকে প্রায় ১১০ কিলোমিটার দূরে অবস্থান করছে। এজন্য সমুদ্রবন্দরকে ৩ নম্বর এবং নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।’