নেপালে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২ মাস আগে

নিজস্ব প্রতিনিধি:

নেপালে চলমান অস্থির ও সহিংস পরিস্থিতির কারণে দেশটিতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে কাঠমাণ্ডুস্থ বাংলাদেশ দূতাবাস।মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে নেপালে বসবাসরত বা সেখানে আটকে পড়া সব বাংলাদেশিকে অতি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার এবং নিজ নিজ বাসস্থান বা হোটেলেই অবস্থান করার কঠোর পরামর্শ দেওয়া হচ্ছে।এছাড়া বিদ্যমান পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাংলাদেশি নাগরিকদের নেপাল ভ্রমণ না করারও আহ্বান জানিয়েছে দূতাবাস।

কোনো জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য হটলাইন নম্বর দেওয়া হয়েছে: +৯৭৭ ৯৮০৩৮৭২৭৫৯ ও +৯৭৭ ৯৮৫১১২৮৩৮১।প্রসঙ্গত, সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের প্রতিবাদে নেপালে ‘জেনারেশন জি’ আন্দোলন সহিংস রূপ নিয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিক্ষোভকারীরা সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবার বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।এছাড়া কাঠমাণ্ডুসহ বিভিন্ন স্থানে জারি থাকা কারফিউ অমান্য করে আন্দোলনকারীরা দ্বিতীয় দিনের মতো রাস্তায় নেমে আসে এবং বেশ কয়েকজন প্রভাবশালী নেতার বাসভবনেও হামলা চালায়।চলমান এই বিক্ষোভে পুলিশের গুলিতে এখন পর্যন্ত ১৯ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে।