টেকনাফ প্রতিনিধি:
টেকনাফের দমদমিয়া এলাকার নাফ নদী থেকে চার জেলেকে ধরে নিয়ে গেছে মায়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। আজ বৃহস্পতিবার সকালে নাফ নদীর লাল দিয়া এলাকা থেকে তাদের ধরে নিয়ে যায়।জেলেরা হলেন— আরাফাত উল্লাহ (২১), আনিস উল্লাহ (২২), মো. জাবের (১৪), আনোয়ার সাদেক (২৭)। তারা জাদিমুড়া ২৭ নম্বর ক্যাম্পের বাসিন্দা বলে জানা গেছে।প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রতিদিনের মতো ড্রামের ভেলা দিয়ে টেকনাফের দমদমিয়া এলাকায় নাফ নদীতে মাছ শিকারে যান জেলেরা। এসময় মায়ানমার থেকে এসে আরাকান আর্মির সদস্যরা অস্ত্রের মুখে জিম্মি করে নৌকাসহ জেলেদের ধরে নিয়ে যায়। সেখান থেকে বেশ কয়েকজন জেলে পালিয়ে আসে।টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, জেলেদের ধরে নিয়ে যাওয়ার খবর শুনেছি। বিষয়টি খোঁজ খবর নেওয়া হচ্ছে।
