ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক আর নেই। বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জানা গেছে, মস্তিষ্কে স্ট্রোক ও রক্তক্ষরণজনিত জটিলতার কারণে গেল কয়েক দিন ধরে তিনি লাইফ সাপোর্টে ছিলেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, অধ্যাপক আরেফিন সিদ্দিক ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিউরোসার্জন অধ্যাপক নজরুল ইসলামের অধীনে চিকিৎসাধীন ছিলেন। গত ৬ মার্চ তিনি ঢাকা ক্লাবে (রমনা) কথা বলার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলে নিউরো আইসিইউতে ভর্তি করা হয়।
অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ছিলেন। ২০০৯ সালে তিনি বিশ্ববিদ্যালয়ের ২৭তম উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ২০১৭ সাল পর্যন্ত এ দায়িত্ব পালন করেন। পরে তিনি পুনরায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দেন এবং ২০২০ সালের জুন মাসে অবসর গ্রহণ করেন।
তার মৃত্যু নিশ্চিত করেছেন ছোট ভাই সাইফুল্লাহ সিদ্দিক। তিনি জানান, শুক্রবার (১৪ মার্চ) জুমার নামাজের পর রাজধানীর ধানমণ্ডি ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর আজিমপুর কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন চাইলে ক্যাম্পাসে তার দ্বিতীয় জানাজার আয়োজন করা হতে পারে বলেও পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
