কৃষি ডেস্ক:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে টানা বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় হেলে পড়েছে শত শত বিঘা জমির আমন ধান। গত কয়েকদিনের অবিরাম বৃষ্টি ও প্রবল বাতাসে ধানক্ষেতে দেখা দিয়েছে ব্যাপক ক্ষতির আশঙ্কা। এতে কৃষকরা পড়েছেন চরম দুশ্চিন্তায়।রোববার (০২ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. নিলুফা ইয়াছমিন।সরেজমিনে দেখা যায়, ফুলবাড়ী উপজেলার ৬টি ইউনিয়নের নিম্নাঞ্চলের জমিগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক জমিতে আধা-পাকা আমন ধানগাছ মাটিতে লুটিয়ে পড়েছে। আবার যেসব জমিতে ধান এখনও পুরোপুরি আসেনি, সেসব গাছ কেটে গরু-ছাগলের খাবার হিসেবে ব্যবহার করছেন অনেক কৃষক।
উপজেলার কুরুষাফেরুষা এলাকার কৃষক ধীরেন্দ্র নাথ রায়, আমিনুল ইসলাম ও আবদার আলী জানান, ঝড়ো হাওয়ায় তাদের এক থেকে দেড় বিঘা জমির ধান হেলে পড়েছে। আশপাশের কৃষকরাও একই সমস্যায় পড়েছেন, সবাই এখন ফসলের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন।উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াছমিন জানান, এ বছর ফুলবাড়ীতে ১১ হাজার ৩৫০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। এর মধ্যে প্রায় ৫ হেক্টর জমির ধান ঝড়ে হেলে পড়েছে। তিনি আরও জানান, কৃষি বিভাগের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত কৃষকদের হেলে পড়া ধান গাছ তুলে আঁটি বেঁধে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে ক্ষতি কিছুটা হলেও কমানো যায়।
