নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অসুস্থ হয়ে পড়ার পর তাঁর খোঁজখবর নিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
রোববার (২০ জুলাই) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে সেনাপ্রধানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ডা. শফিকুর রহমান। তিনি লেখেন, তাঁর শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ নেওয়ায় তিনি আন্তরিকভাবে ধন্য ও সম্মানিত বোধ করছেন।
ফেসবুক পেজের অ্যাডমিন জানান, আমিরে জামায়াতের অসুস্থতার খবর শুনে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ফোন করে তাঁর বর্তমান শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
অ্যাডমিন আরও লেখেন, সম্মানিত আমির সাহেবের চিকিৎসার জন্য প্রয়োজন হলে যেকোনো ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছেন সেনাপ্রধান। এই সদাশয়তার জন্য জামায়াত আমির সেনাপ্রধানকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
উল্লেখ্য, গতকাল শনিবার (১৯ জুলাই) বিকেল সোয়া ৫টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দলের একটি মহাসমাবেশে বক্তব্য রাখতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ডা. শফিকুর রহমান। বক্তব্যের শুরুতেই তিনি মঞ্চে পড়ে যান। কিছুক্ষণ পর উঠে দাঁড়ালেও আবার পড়ে যান।
পরবর্তীতে তিনি মঞ্চে বসেই সংক্ষিপ্ত বক্তব্য দেন এবং জানান, অতিরিক্ত গরমের কারণেই তিনি অসুস্থ বোধ করছেন। পরে সমাবেশ শেষে তাঁকে হাসপাতালে নেওয়া হয় চিকিৎসার জন্য।
