নিজস্ব প্রতিনিধি:
চাঁদপুরের হাজীগঞ্জে জাতীয় নির্বাচনে অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘জাতীয় নির্বাচনে কেউ ব্যালট পেপারে হাত দিলে তার হাত থাকবে না।’বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) হাজীগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক নেতা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।জেলা প্রশাসক বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে জেলা প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে।
নির্বাচনী প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম, কেন্দ্র দখল, ব্যালট পেপারে কারসাজি কিংবা ভোটারদের ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা কোনোভাবেই সহ্য করা হবে না। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।তিনি আরও জানান, ভোটকেন্দ্রগুলোতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন। ভোটাররা যেন নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন—এটি প্রশাসনের সর্বোচ্চ অগ্রাধিকার।মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা নির্বাচনকালীন সময়ে তথ্য সংগ্রহ ও সংবাদ প্রকাশে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।
সুশীল সমাজের প্রতিনিধিরা সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন। রাজনৈতিক নেতারাও নির্বাচনকালে সহিংসতা ও অনিয়ম এড়াতে প্রশাসনের সঙ্গে সহযোগিতার আশ্বাস দেন।জেলা প্রশাসক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উদ্দেশে বলেন, নির্বাচনী দায়িত্ব পালনে নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রাখতে হবে। দায়িত্বে অবহেলা বা পক্ষপাতমূলক আচরণ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।সভায় হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান, থানার অফিসার ইনচার্জ মো. আ. জব্বারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
