নিজস্ব প্রতিনিধি:
কুষ্টিয়ার মিরপুরে একটি লাশবাহী অ্যাম্বুলেন্স আটকে টাকা ও স্বর্ণালংকার লুটে নিয়েছে একদল ডাকাত। বৃহস্পতিবার (২৬ জুন, ২০২৫) দিনগত রাত ২টার দিকে উপজেলার ছাতিয়ান ইউনিয়নের কালিতলা-দুর্গাপুর এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগীরা জানিয়েছেন, ডাকাতরা মরদেহের গলা ও কানে স্বর্ণালংকারের খোঁজ করেছে।
সূত্র জানায়, মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের সুধিরাজপুর গ্রামের নিয়ামত আলীর স্ত্রী আয়েশা খাতুন (৫০) বুধবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। স্বজনরা আয়েশার মরদেহ নিয়ে অ্যাম্বুলেন্সে করে বাড়ি ফিরছিলেন। অ্যাম্বুলেন্সটি কালিতলা-দুর্গাপুর সড়কের মাঠ সংলগ্ন এলাকায় পৌঁছালে ডাকাতদের কবলে পড়ে। ডাকাতরা ধারালো অস্ত্রের মুখে অ্যাম্বুলেন্স চালক এবং আয়েশার স্বজনদের জিম্মি করে মারধর শুরু করে।
তারা সকলের কাছ থেকে ৩২ হাজার ৬০০ টাকা এবং এক নারীর কানের দুল ছিনিয়ে নেয়। ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী, ডাকাতরা আয়েশার কান ও গলায় কোনো স্বর্ণালংকার আছে কিনা, তা জানতে চেয়েছিল।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম জানিয়েছেন, তারা এখনও কোনো লিখিত অভিযোগ পাননি। তবে, পুলিশ বিষয়টি তদন্তে একাধিক দল কাজ করছে এবং জড়িতদের আটকে অভিযান চলছে।
