নিজস্ব প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। ৩১ মে শনিবার রাত সাড়ে ১১টার দিকে শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্তের নোম্যান্স ল্যান্ডে এই ঘটনা ঘটে। নিহত যুবকের নাম প্রদীপ বৈদ্য (৩০)। তিনি কুলাউড়া উপজেলার দত্তগ্রাম এলাকার শৈলেন্দ্র বৈদ্যের ছেলে।শরীফপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য জয়নুল ইসলাম জানান, বিএসএফ প্রদীপকে সীমান্তের কাঁটাতারের পাশে গুলি করে হত্যা করে তার মরদেহ নিয়ে গেছে। প্রদীপ লেখাপড়ার পাশাপাশি কৃষি কাজ করতেন।জয়নুল ইসলাম আরও জানান, প্রদীপ বৈদ্যর মরদেহ ভারতের কৈলাশহর হাসপাতালে রয়েছে। প্রদীপের পরিবারের সদস্যরা কুলাউড়া থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করবেন। এরপর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া জানান, ঘটনাটি ভারতের অভ্যন্তরে ঘটেছে। প্রদীপের মরদেহ কৈলাশহর হাসপাতালে নেওয়া হয়েছে এবং ভারতের পুলিশ বাংলাদেশের পুলিশের কাছে তা হস্তান্তর করবে।
