এই যুদ্ধ শেষ হবে, পুতিন ও জেলেনস্কিও সেটাই চান : ট্রাম্প।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে

নিজস্ব প্রতিনিধি:

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, “এই যুদ্ধ অবশ্যই শেষ হবে। জেলেনস্কি চান, পুতিনও চান, পুরো বিশ্ব ক্লান্ত হয়ে পড়েছে। আমরা এটা থামাবো। যুদ্ধবিরতি নয়, সরাসরি শান্তিচুক্তির পথে এগোতে চাই আমরা। যুদ্ধবিরতির পর পক্ষগুলো আবার শক্তি সঞ্চয় করে, তাই আমার বিশ্বাস সরাসরি শান্তিচুক্তিই সঠিক সমাধান।

”স্থানীয় সময় সোমবার (১৮ আগস্ট) হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন ট্রাম্প।তিনি আরও বলেন, “বিশ্বে আমি ছয়টি যুদ্ধ বন্ধ করেছি। ভেবেছিলাম এই যুদ্ধ হয়তো সহজে থামবে, কিন্তু তা নয়। এটি সবচেয়ে কঠিন। তবে আমি আত্মবিশ্বাসী যে সমাধান পাওয়া যাবে।

”ট্রাম্প জানান, “আজকের বৈঠকই শেষ নয়। প্রতিদিন মানুষ মারা যাচ্ছে, আমরা সেটা বন্ধ করতে চাই। আমার বিশ্বাস, পুতিনও এই যুদ্ধ শেষ করতে চান।”ইউক্রেনের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, ইউক্রেনকে ভালো সুরক্ষা ও নিরাপত্তা প্রদান করা হবে। তিনি আশা প্রকাশ করেন, বর্তমান প্রক্রিয়ার মাধ্যমে ইতিবাচক ফল আসবে।

ইউরোপের সাতজন নেতাও এই উদ্যোগের সঙ্গে যুক্ত আছেন।ট্রাম্প আরও জানান, রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে তার ফোনে কথা হয়েছে। প্রথমে রাশিয়া ও ইউক্রেনের প্রেসিডেন্টের মধ্যে একটি বৈঠক হবে। এরপর একটি ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে তিনি নিজেও উপস্থিত থাকবেন।প্রায় দেড় ঘণ্টার বৈঠক শেষে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে খুবই ফলপ্রসূ আলোচনা হয়েছে। আমরা স্পর্শকাতর সব বিষয় নিয়ে কথা বলেছি। তবে আমার মনে হয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা এখনও বাকি।”