নিজস্ব প্রতিনিধি:
২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে আবারও ছেলেদের তুলনায় এগিয়ে মেয়েরা। এ বছর ছেলেদের পাসের হার ৫৪ দশমিক ৬০ শতাংশ, আর মেয়েদের পাসের হার ৬২ দশমিক ৯৭ শতাংশ। অর্থাৎ গড়ে প্রতি ২ দশমিক ২ জন ছাত্রের মধ্যে একজন পরীক্ষায় ফেল করেছেন। টানা পাঁচ বছর ধরে এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রে এগিয়ে আছে মেয়েরা। শুধু পাসের হারের দিক থেকে গত ১৫ বছর ধরেই মেয়েদের আধিপত্য অব্যাহত রয়েছে।
বুধবার (১৬ অক্টোবর) ঢাকার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির।তিনি বলেন, “মেয়েরা প্রতিটি সূচকেই ছেলেদের চেয়ে ভালো করছে। তাদের পাসের হারও তুলনামূলক বেশি।”চলতি বছর মোট ১২ লাখ ৩৫ হাজার ৬৬১ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৬ লাখ ১১ হাজার ৪৪৬ জন ছাত্রের মধ্যে পাস করেছে ৩ লাখ ৩৩ হাজার ৮৬৪ জন।
অপরদিকে ৬ লাখ ২৪ হাজার ২১৫ জন ছাত্রী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৩ লাখ ৯৩ হাজার ৯৬ জন।এর আগের বছর ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায়ও মেয়েরা এগিয়ে ছিল। সে বছর ছাত্রীদের পাসের হার ছিল ৭৯ দশমিক ৯৫ শতাংশ, আর ছাত্রদের পাসের হার ছিল ৭৫ দশমিক ৬১ শতাংশ।২০০৯ সালে সর্বশেষ ছেলেরা মেয়েদের চেয়ে পাসের হারে এগিয়ে ছিল। সে বছর মোট পাসের হার ছিল ৭৪ দশমিক ৮৫ শতাংশ এবং মেয়েদের পাসের হার ছিল ৭৪ দশমিক ৫০ শতাংশ। তারপর থেকে ধারাবাহিকভাবে এগিয়ে আছে মেয়েরাই।
