আলমডাঙ্গা প্রতিনিধি :
আলমডাঙ্গার আনন্দধাম ক্যানালপাড়া এলাকায় বেকারির মিক্সচার মেশিনে জড়িয়ে সোহান (১৫) নামে এক কিশোর শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার বেলা ১১টার দিকে ভাই-বোন বেকারীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহান নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার চাপড়া কাচারী গ্রামের মিনারুল ইসলামের ছেলে। প্রায় এক মাস আগে জীবিকার তাগিদে আলমডাঙ্গার এই বেকারিতে কাজ শুরু করে সোহান।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো সকালে ৪ জন শ্রমিক কাজ শুরু করেন। এ সময় সোহান মিক্সচার মেশিনে আটা যাচ্ছে কি না তা দেখতে এগিয়ে গেলে হঠাৎ তার মাথা মেশিনে জড়িয়ে যায়। মুহূর্তের মধ্যেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বেকারির মালিক নাসির হোসেন বলেন, “সবেমাত্র বেকারির ব্যবসা শুরু করেছি। এর মধ্যেই এমন এক অঘটন ঘটে গেল। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে আলমডাঙ্গার মানবাধিকার কর্মীরা মনে করেন, শিশুশ্রম এর ব্যাপারে আলমডাঙ্গা প্রশাসনের নির্লিপ্ততা নিয়ে প্রচন্ড অসন্তোষ আছে জনতার মাঝে। আজ অবধি একদিনও শিশুশ্রম নিয়ে প্রশাসনের কোন রকম ভূমিকা দেখা যায়নি।যার ফলশ্রুতিতে ঝুঁকিপূর্ণ কাজে মিক্সার মেশিন বা (ময়দা মাখানো মেশিনে জড়িয়ে) সোহাগ (১৫) নামের এক কিশোরের মৃত্যু হল। এর দায় প্রশাসন এড়িয়ে যেতে পারে না।
