নজরুল বিশ্ববিদ্যালয়ে ভাতের থালায় মিলল সিদ্ধ টিকটিকি।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৪ ঘন্টা আগে

নিজস্ব প্রতিনিধিঃ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অগ্নিবীণা হলের ডাইনিংয়ের ভাতের সঙ্গে টিকটিকি রান্না হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে খাবার খেতে গিয়ে এক শিক্ষার্থীর প্লেটে টিকটিকিটি পাওয়া যায়। এ ঘটনায় হলের ডাইনিংয়ের খাবারের মান ও স্বাস্থ্যবিধি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।ঘটনার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন আরেফিন তানভীর নামের এক শিক্ষার্থী।

তিনি জানান, দুপুরে খাবার খেতে গিয়ে অর্ধেক প্লেট ভাত খাওয়ার পর তাঁর নজরে আসে, প্লেটে একটি সিদ্ধ টিকটিকির দেহাবশেষ রয়েছে। পরে বিষয়টি ডাইনিং পরিচালককে বিষয়টি জানালে তাকে খাবারের টাকা ফেরত দিয়ে দেওয়া হয়।ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা। তাঁদের অভিযোগ, শিক্ষার্থীদের খাবার পরিবেশনে এমন অবহেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। খাবার প্রস্তুত ও পরিবেশনের প্রতিটি ধাপে স্বাস্থ্যবিধি নিশ্চিত করার পাশাপাশি এ ঘটনায় দায়ীদের জবাবদিহির আওতায় আনার দাবি জানান তাঁরা।

এ বিষয়ে ডাইনিং পরিচালক আল আমিন বলেন, ‘সিলিং থেকে টিকটিকিটি পড়ে গেছে। রান্নার সময় পাতিল বা কড়াইয়ের ঢাকনা খোলা থাকায় সেটি ভাতের মধ্যে পড়ে যায়। কেউ খেয়াল করেনি। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা সব ভাত ফেলে দিয়েছি। ওপর থেকে পড়েছে, আমাদেরও কিছু করার ছিল না।’অগ্নিবীণা হলের প্রভোস্ট মো. হারুনুর রশিদ বলেন, দেয়াল থেকে একটি টিকটিকি হঠাৎ ভাতের গামলায় পড়ে যাওয়ায় এ ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি।

এ ঘটনায় ডাইনিং পরিচালককে আরও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। অনিচ্ছাকৃত এ ঘটনার জন্য ডাইনিং পরিচালক দুঃখ প্রকাশ করেছেন। সংশ্লিষ্ট শিক্ষার্থীকে খাবারের টাকা ফেরত দেওয়া হয়েছে এবং যে গামলায় টিকটিকিটি পাওয়া গেছে, সেই গামলার বাকি ভাতও আর পরিবেশন করা হয়নি।