আলমডাঙ্গায় ওসমান হাদীর খুনীদের বিচারের দাবিতে ছাত্র-জনতার বিক্ষোভ ও শোক মিছিল

লেখক: খাইরুল ইসলাম
প্রকাশ: ৭ মাস আগে

আলমডাঙ্গা প্রতিনিধি:

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদী হত্যার খুনীদের বিচারের দাবিতে ১৯ ডিসেম্বর (শুক্রবার) বিকাল ৪ টায় তাৎক্ষণিক বিক্ষোভ ও শোক মিছিল করেছে আলমডাঙ্গার ছাত্র-জনতা। এসময় তারা আল তায়েবা মোড় থেকে বিক্ষোভ শুরু করে ৭১ স্তম্ভ মোড় প্রদক্ষিণ শেষে আল তায়েবা মোড়ে এসে সমবেত হয়। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, আলমডাঙ্গা উপজেলা শখার সাবেক আহবায়ক ও বাংলাদেশ ছাত্রপক্ষের কেন্দ্রীয় সহ সম্পাদক রাকিব মাহমুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন কামরুল হাসান কাজল, আরাফাত রহমান, তাওহিদ খান, শাকিব মাহমুদ ও অন্যান্য ছাত্রনেতা।

এছাড়াও রাজনৈতিক দলের প্রতিনিধি হিসাবে এবি পার্টির মুসাব ইবনে শাফায়েত, এনসিপির পক্ষে সালেহিন কাউনাইন (সামাউন), গণ অধিকার পরিষদের খন্দকার মাশুক বক্তব্য রাখেন।রাকিব মাহমুদ বলেন, ওসমান হাদীর ওপর গুলি শুধু হাদীর উপর গুলি নয় বরং বাংলাদেশের বুকের উপর গুলি চালানো হয়েছে। অনতিবিলম্বে খুনিদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে না পারায় স্বরাষ্ট্র উপদেষ্টা তার পদে থাকার অধিকার হারিয়ে ফেলেছে।মুসাব ইবনে শাফায়েত বলেন, “ওসমান হাদীর স্বপ্ন বাস্তবায়নে আমরা ইনকিলাব মঞ্চের আদলে সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলবো।

জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তি বেচে থাকতে কোনো ষড়যন্ত্র করে কেউ আমাদের ঐক্য বিনষ্ট করতে পারবে না।কামরুল হাসান কাজল বলেন, খুনীদের সাথে আর কোনো আপোষ নয়। এই খুনীদের দৃষ্টান্তমূলক বিচারের আওতায় আনতে না পারলে বাংলাদেশের আপামর জনতা ফুসে উঠলে কোনো অন্যায়কারীর পালানোর আর জায়গা থাকবে না।এসময় বিক্ষুব্ধ ছাত্র জনতা ওসমান হাদীর মাগফেরাত কামনায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে শোক মিছিল ও প্রতিবাদ সমাবেশের সমাপ্তি টানে।