আফগানিস্তানে ভূমিকম্প দুর্গতদের জন্য ত্রাণ পাঠাল বাংলাদেশ।

লেখক: নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১২ মাস আগে

নিজস্ব প্রতিনিধি:

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে জরুরি মানবিক সহায়তা পাঠিয়েছে বাংলাদেশ।শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ৮টায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি পরিবহন বিমান ১১ টনের বেশি ত্রাণ সামগ্রী নিয়ে কাবুলের উদ্দেশ্যে রওনা হয়। আইএসপিআরের সহকারী পরিচালক রাশেদুল আলম খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভূমিকম্পে আফগানিস্তানে খাদ্য, বিশুদ্ধ পানি, আশ্রয় ও জরুরি চিকিৎসার সংকট দেখা দিয়েছে।

এ কারণে ভয়াবহ মানবিক বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে। বন্ধুপ্রতীম দেশটির এই দুর্দশায় বাংলাদেশ গভীরভাবে মর্মাহত।মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশে আকস্মিক এই দুর্যোগে আফগান জনগণের পাশে দাঁড়াতে বাংলাদেশ সরকার জরুরি মানবিক সহায়তা প্রদানের উদ্যোগ গ্রহণ করে। এর অংশ হিসেবে বাংলাদেশ বিমান বাহিনীর বিশেষ পরিবহন বিমানে পাঠানো হলো বিভিন্ন ত্রাণ সামগ্রী। সহায়তা হস্তান্তর শেষে বিমানটি দেশে ফিরে আসবে।

প্রেরিত ১১.২২৭ টন ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে— তাঁবু, কম্বল, শীতবস্ত্র, খাবার পানি, শুকনো খাবার, কাপড়, বিস্কুট, মিল্ক পাউডার, নুডুলস ও ওষুধ।এ উপলক্ষে সশস্ত্র বাহিনী বিভাগের অপারেশন্স ও পরিকল্পনা পরিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আলীমুল আমীন, এসইউপি, এনডিসি, পিএসসি এক প্রেস ব্রিফিং করেন। সেখানে সশস্ত্র বাহিনী বিভাগ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সশস্ত্র বাহিনী আশা প্রকাশ করেছে, সরকার কর্তৃক প্রেরিত এই মানবিক সহায়তা আফগানিস্তানের ভূমিকম্প দুর্গত মানুষের দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে ভবিষ্যতে বৈশ্বিক যেকোনো মানবিক প্রয়োজনে বাংলাদেশ সশস্ত্র বাহিনী সবসময় প্রস্তুত থাকবে।