ডেস্ক রিপোর্টঃ
জামালপুরের মাদারগঞ্জে ৫০০ টাকা বাজি ধরে জনসম্মুখে জীবন্ত শালিক পাখি খেয়ে ফেলার অভিযোগে ছাদুল্লাহ নামে এক অটোচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টার দিকে দক্ষিণ কোয়ালিকান্দির মধ্যপাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ছাদুল্লাহ (৫০) ওই এলাকার হাফিজলের ছেলে। তিনি পেশায় অটোচালক।
এর আগে মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের কোয়ালিকান্দি বাজারে এ ঘটনা ঘটে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়লে সমালোচনার সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে ৫০০ টাকা বাজি ধরে ছাদুল্লাহ জীবন্ত একটি পাখি হাতে নিয়ে পা ও ডানা মুচড়ে ভেঙে ফেলেন। এ সময় পাখিটি নড়াচড়া করছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান। পরে তিনি পাখিটি ছিঁড়ে খেয়ে ফেলেন বলে অভিযোগ ওঠে। ঘটনাটি দেখতে সেখানে লোকজন জড়ো হন। তাদের মধ্যে কেউ কেউ উল্লাস করেন বলেও জানা গেছে।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে প্রাণীর প্রতি এমন নিষ্ঠুর আচরণ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। সচেতন মহল বলছে, নিছক বাজি কিংবা বিনোদনের নামে জীবন্ত প্রাণীর প্রতি এমন আচরণ অমানবিক ও নিন্দনীয়। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, ‘জীবন্ত পাখি চিবিয়ে খাওয়ার বিষয়টি আমাদের নজরে আসার পর ওই ব্যক্তিকে শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী মামলা করা হয়েছে।’
