হেমন্তেও গরমের দাপট, দুপুরেই ঢাকায় নামতে পারে বৃষ্টি।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৯ মাস আগে

নিজস্ব প্রতিনিধি:

হেমন্ত মানেই সাধারণত হালকা ঠান্ডা, কোমল রোদ আর স্নিগ্ধ বাতাসের মৌসুম। কিন্তু এ বছরের হেমন্তে সেই পরিচিত আবহ নেই। বরং ভ্যাপসা গরম আর ধুলাবালিতে হাঁপিয়ে উঠেছে ঢাকাবাসী। তবে স্বস্তির খবর হলো—আজ দুপুরেই ঢাকায় নামতে পারে কাঙ্ক্ষিত বৃষ্টি।বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বুধবার (২৯ অক্টোবর) দুপুরের মধ্যে রাজধানী ও আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সকাল থেকেই আকাশে হালকা মেঘ দেখা গেলেও দুপুর নাগাদ ঘন মেঘে ঢেকে যেতে পারে আকাশ। দক্ষিণ–পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।

দুপুর ১২টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, দিনের কোনো কোনো সময় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতা ছিল ৯১ শতাংশ। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৭ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে, যা গরমের মধ্যে কিছুটা স্বস্তি এনে দিয়েছে।

এদিকে মঙ্গলবার রাতের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আজ দেশের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। ফলে দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা কিছুটা কমে গরমের দাপট থেকে মিলতে পারে স্বস্তি।