রাজধানীর শাহবাগ মোড়ে জাতীয়করণের দাবিতে আন্দোলনরত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের ওপর পুলিশ লাঠিচার্জ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জলকামান ও কাঁদানে গ্যাসও ব্যবহার করা হয়।
রোববার (২৬ জানুয়ারি) দুপুর ১টার দিকে এই ঘটনা ঘটে। জাতীয়করণের দাবিতে শিক্ষকেরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। রোববার তাদের আন্দোলন আরও তীব্র হলে শাহবাগ মোড়ে পুলিশি বাধার মুখে পড়েন তারা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আন্দোলনকারীরা প্ল্যাকার্ড, ব্যানার হাতে নিয়ে স্লোগান দিচ্ছিলেন। এক পর্যায়ে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ শুরু করে এবং পরে জলকামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করে।
আন্দোলনরত শিক্ষকেরা জানান, “আমরা আমাদের ন্যায্য অধিকার আদায়ের দাবিতে এখানে শান্তিপূর্ণভাবে অবস্থান নিয়েছিলাম। কিন্তু আমাদের ওপর এই ধরনের আক্রমণ অমানবিক।”
পুলিশ জানিয়েছে, জনদুর্ভোগ কমাতে এবং রাস্তার স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
এ ঘটনায় কেউ আহত হয়েছেন কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে আন্দোলনকারীদের দাবি, বেশ কয়েকজন শিক্ষক গুরুতর আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিক্ষকদের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা তাদের দাবিতে অনড় রয়েছেন এবং প্রয়োজনে আরও কঠোর আন্দোলনের পথে যাবেন।

