সৌদি আরবে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্লিনিক চালু, ভার্চুয়াল ডাক্তার দেবে সেবা।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে
File photo

নিজস্ব প্রতিনিধি:

বিশ্বের প্রথম দেশ হিসেবে সৌদি আরব কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দ্বারা পরিচালিত একটি ক্লিনিক চালু করেছে, যা সম্ভবত ভবিষ্যতের স্বাস্থ্যসেবার ধারণাকে নতুন করে সংজ্ঞায়িত করবে।এই ক্লিনিকটি চলতি বছরের এপ্রিলে যাত্রা শুরু করেছে। এটি যৌথভাবে তৈরি করেছে চীনের সাংহাই-ভিত্তিক মেডিকেল টেকনোলজি কোম্পানি সিনি এআই এবং স্থানীয় আলমুসা হেলথ গ্রুপ। পূর্বাঞ্চলীয় আল আহসা অঞ্চলে অবস্থিত এই পরীক্ষামূলক প্রকল্পে ‘ডা. হুয়া’ নামের একটি এআই-চালিত ভার্চুয়াল ডাক্তার রয়েছে, যা স্বয়ংক্রিয়ভাবে পারস্পরিক আলোচনার মাধ্যমে রোগ নির্ণয় এবং চিকিৎসার পরামর্শ দিতে সক্ষম।রোগীরা একটি ট্যাবলেটের মাধ্যমে তাদের লক্ষণগুলো বর্ণনা করবেন। সেখানে ডা. হুয়া মানবকর্মীদের সহায়তায় প্রশ্ন করবে এবং রোগ নির্ণয় সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করবে। যদিও এআই নিজেই চিকিৎসার পরিকল্পনা তৈরি করে, তবে প্রতিটি পরিকল্পনা একজন লাইসেন্সপ্রাপ্ত মানব ডাক্তারের মাধ্যমে পর্যালোচনা ও অনুমোদিত হয়।এই মিশ্র পদ্ধতিটি কৃত্রিম বুদ্ধিমত্তার দক্ষতা এবং মানুষের তত্ত্বাবধানের নিরাপত্তা ও নির্ভুলতা নিশ্চিত করার জন্য তৈরি করা হয়েছে। সিনি এআই-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ঝাং শাওডিয়ান বলেন, এতদিন এআই ডাক্তারদের সহযোগিতা করেছে, কিন্তু এখন আমরা সেই চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছি, যেখানে এআই সরাসরি রোগ নির্ণয় ও চিকিৎসা করতে সক্ষম হচ্ছে।তিনি আরও জানান, অভ্যন্তরীণ পরীক্ষায় তাদের প্রযুক্তির ভুলের হার শূন্য দশমিক তিন শতাংশের নিচে, যা অত্যন্ত নির্ভরযোগ্যতা নির্দেশ করে।বর্তমানে ডা. হুয়ার সেবা কেবল শ্বাস-প্রশ্বাসজনিত রোগের মধ্যে সীমাবদ্ধ, যার মধ্যে হাঁপানি ও ফ্যারিঞ্জাইটিসসহ প্রায় ৩০টি রোগ অন্তর্ভুক্ত রয়েছে। আগামী এক বছরের মধ্যে এই সেবার পরিধি আরও বাড়ানো হবে। যার মধ্যে শ্বাস-প্রশ্বাস, পরিপাকতন্ত্র ও চর্মরোগ সম্পর্কিত সমস্যাগুলো অন্তর্ভুক্ত থাকবে। এই কোম্পানি সৌদি আরবের অন্যান্য হাসপাতালেও আরও এআই ক্লিনিক চালু করার পরিকল্পনা করছে, যা বৃহত্তর অঞ্চলে সম্প্রসারণের একটি অংশ। পরীক্ষামূলক পর্যায়ে ক্লিনিকের সেবা বিনামূল্যে প্রদান করা হচ্ছে এবং এই সময়ে সংগৃহীত রোগ নির্ণয় সংক্রান্ত তথ্য সৌদি স্বাস্থ্য কর্তৃপক্ষের অনুমোদনের জন্য ব্যবহার করা হবে।

সূত্র: গাল্ফ নিউজ