রাজশাহী থেকে চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার কারণে সব রুটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) ভোর ৬টা ৩৬ মিনিটে রাজশাহীর বেলপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রাজশাহী রেলওয়ে স্টেশনের ম্যানেজার আবুল কালাম আজাদ জানান, সোমবার সকাল সাড়ে ৬টার দিকে তিতুমীর এক্সপ্রেস চিলাহাটির উদ্দেশ্যে রওনা দেয়। তবে রাজশাহী স্টেশন থেকে কিছুটা দূরে বেলপুকুর এলাকায় গিয়ে একটি বগি লাইনচ্যুত হয়। ওই বগির দুটি চাকা লাইন থেকে বেরিয়ে যায়।
তিনি আরও জানান, এটি ছিল রাজশাহী স্টেশনের দিনের প্রথম ট্রেন। ফলে সকাল থেকেই স্টেশন থেকে কোনো ট্রেন ছেড়ে যেতে পারছে না এবং আগত ট্রেনগুলোও আটকে রয়েছে। উদ্ধারকাজ চলছে এবং তা শেষ হলে ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হবে।
