রাজনৈতিক সরকার ছাড়া চাঁদাবাজি দমন অসম্ভব : অর্থ উপদেষ্টা।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১ মাস আগে

নিজস্ব প্রতিনিধি:

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, গত বছরের ৫ আগস্টের পর থেকে দেশে চাঁদাবাজি আশঙ্কাজনকভাবে বেড়েছে। তার মতে, অন্তর্বর্তীকালীন সরকার এ সমস্যাকে নিয়ন্ত্রণ করতে পারেনি এবং রাজনৈতিক প্রতিশ্রুতি ছাড়া, অর্থাৎ রাজনৈতিক সরকারের অংশগ্রহণ ছাড়া চাঁদাবাজি দমন সম্ভব নয়।মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন।তিনি বলেন, আগে যেখানে এক টাকা চাঁদা নেওয়া হতো এখন সেখানে দেড় কিংবা দুই টাকা আদায় করা হচ্ছে।

গত বছরের ৫ আগস্টের পর বিভিন্ন পক্ষ চাঁদাবাজিতে জড়িয়ে পড়েছে। এমনকি যারা আগে এর বাইরে ছিল, তারাও এখন এ কাজে যুক্ত। আশ্চর্যের বিষয়, চাঁদাবাজির সঙ্গে জড়িত অনেকেই আবার ব্যবসায়ী সংগঠনের সদস্য।অর্থ উপদেষ্টা আরও বলেন, চাঁদাবাজির কারণে পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে। তবে এটি নিয়ন্ত্রণ করা তার মন্ত্রণালয়ের কাজ নয়। অন্তর্বর্তীকালীন সরকারও কাউকে ধরে পরিস্থিতি সামলানোর নীতিতে বিশ্বাসী নয়।

পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার প্রসঙ্গে তিনি জানান, যারা টাকা পাচার করে তারা নানা কৌশল জানে। সেসব অর্থ ফেরত আনতে সময় লাগবে। ইতোমধ্যে কিছুটা অগ্রগতি হয়েছে এবং বেশ কয়েকটি আন্তর্জাতিক লিগ্যাল ফার্মের সঙ্গে আলোচনা চলছে। আশা করা হচ্ছে, ফেব্রুয়ারির মধ্যে কিছু অর্থ দেশে ফেরত আসতে পারে।কত টাকা ফেরত আসতে পারে—এ প্রশ্নের জবাবে ড. সালেহউদ্দিন বলেন, এ বিষয়ে তিনি কিছু বলতে পারবেন না। বিস্তারিত জানাতে পারবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর।