নিজস্ব প্রতিনিধি:
রাজধানীর মিরপুরের রূপনগরে একটি পোশাক কারখানা ও পাশের কেমিক্যাল গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। আহত ও নিখোঁজ আরও অনেকে থাকায় মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে ফায়ার সার্ভিস।মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টা ৪০ মিনিটে আগুন লাগার খবর ফায়ার সার্ভিসে পৌঁছায়। খবর পাওয়ার পর ১১টা ৫৬ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
পরে একে একে আরও ১২টি ইউনিট যোগ দিয়ে আগুন নেভানোর অভিযান চালায়।ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, রূপনগরের আগুনে এখন পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রথমে ৯ জনের মরদেহ উদ্ধার হয়, পরে আরও ৭ জনের মরদেহ পাওয়া যায়। অভিযান এখনো চলছে।তিনি আরও বলেন, পাশের কেমিক্যাল গুদামে আগুন এখনো জ্বলছে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। নিরাপত্তার কারণে সেখানে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। উন্নত প্রযুক্তি ও ড্রোনের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে।
এ ঘটনায় আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের প্রাথমিক ধারণা, প্রথমে গার্মেন্টসের ওয়াশ ইউনিটে আগুন লাগে। পরে তা পাশের রাসায়নিকের গুদামে ছড়িয়ে পড়ে এবং বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে তিনতলা ভবনের সর্বত্র।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুন লাগার সঙ্গে সঙ্গে শ্রমিকেরা প্রাণ বাঁচাতে বিভিন্নভাবে বের হওয়ার চেষ্টা করেন। কিন্তু অনেকে ভেতরে আটকা পড়ে যান, যার ফলে হতাহতের সংখ্যা বেড়ে যায়।
