নিজস্ব প্রতিনিধি :
কক্সবাজার টেকনাফ সীমান্তে আবারও উত্তেজনা দেখা দিয়েছে। শনিবার (২৫ অক্টোবর) বিকেলে হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল বাগগুনা এলাকায় মিয়ানমার দিক থেকে ছোড়া গুলিতে ছেনুয়ারা বেগম (৩৫) নামে এক নারী গুরুতর আহত হন।আহত ছেনুয়ারা স্থানীয় আক্তার হোসেনের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাস্থল থেকে একটি তাজা গুলি উদ্ধার করা হয়েছে।বিজিবির উখিয়া ৬৪ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর ইশতিয়াক আহমেদ বলেন, “হোয়াইক্যং সীমান্ত এলাকায় এক নারী গুলিবিদ্ধ হওয়ার খবর আমরা পেয়েছি।
”আহত নারীর স্বামী আক্তার হোসেন জানান, “আমার স্ত্রী শিশুসন্তানকে নিয়ে লেদা থেকে বাড়ি ফিরছিলেন। বাড়ির সামনে পৌঁছানোর পর হঠাৎ মিয়ানমার দিক থেকে ছোড়া গুলি এসে তার পায়ে লাগে। স্থানীয়রা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যায়।”এদিকে, হোয়াইক্যংয়ের তেচ্ছি ব্রিজ এলাকার এক দোকানি মিজবা উদ্দিন জানান, বিকেলের দিকে মিয়ানমার থেকে ছোড়া একটি গুলি এসে তার কম্পিউটার দোকানে পড়ে। পরে সেটি উদ্ধার করে স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে।স্থানীয়দের ভাষ্য, সম্প্রতি সীমান্ত এলাকায় গুলিবিনিময় ও গোলাগুলির শব্দ বেড়ে যাওয়ায় আতঙ্কে দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ।
