পাসপোর্ট অফিসে না গিয়েও মিলবে পাসপোর্ট সেবা।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে

নিজস্ব প্রতিনিধি:

রাজধানীর গুলশান নাগরিক সেবা কেন্দ্রে এখন থেকে পাসপোর্টের আবেদন ও নবায়নের সুবিধা পাওয়া যাবে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এ সেবার উদ্বোধন করেন। দেশের প্রথম এ ধরনের নাগরিক সেবা কেন্দ্রে সরাসরি পাসপোর্ট অফিসে না গিয়েও সেবা গ্রহণ করা যাবে।একইদিন ফেসবুক পোস্টে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানান, নাগরিক সেবার আওতায় বর্তমানে পাসপোর্ট ছাড়াও ড্রাইভিং লাইসেন্স, জন্ম-মৃত্যু নিবন্ধন, এনআইডি, ভূমি নামজারি সহ মোট ৪০০ সরকারি সেবা পরীক্ষামূলকভাবে চালু রয়েছে।এই মাসের মধ্যেই ঢাকার আরও ৬টি স্থানে—গুলশান ১, উত্তরা সেক্টর ৬, নীলক্ষেত, রমনা, মোহাম্মদপুর ও বনশ্রী—একযোগে ১০টি নাগরিক সেবা কেন্দ্র চালু হবে। এর মধ্যে গুলশান, উত্তরা ও নীলক্ষেতের কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।নাগরিক সেবার মূল উদ্দেশ্য হলো সব সরকারি সেবা এক প্ল্যাটফর্মে আনা, যাতে আলাদা আলাদা ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে না হয়। এজন্য তৈরি হচ্ছে জাতীয় কানেক্টিভিটি হাব, যা বিভিন্ন মন্ত্রণালয়ের অনলাইন সেবাকে একত্র করবে।দেশে এটিকে প্রথম সিটিজেন সার্ভিস কানেক্টিভিটি হাব হিসেবে ধরা হচ্ছে, যা নাগরিকদের এক জায়গায় সব সরকারি সেবা পাওয়ার সুযোগ করে দেবে।