পাওনা টাকা চাওয়া নিয়ে কলহের জেরে বড় ভাইয়ের হাতে বোন খুন।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৩ ঘন্টা আগে

নিজস্ব প্রতিনিধিঃ

হবিগঞ্জের নবীগঞ্জে পাওনা ২০ হাজার টাকা ফেরত দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে শাবানা বেগম (২৩) নামে এক নারী নিহত হয়েছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত ভাই শাহিন মিয়া (২৬) পলাতক রয়েছেন।

শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার দীঘলবাক ইউনিয়নের মাধবপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, পাওনা টাকা ফেরত দেওয়া নিয়ে শাবানা ও তার বড় ভাই শাহিনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে শাহিন ছুরি দিয়ে শাবানাকে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা দ্রুত শাবানাকে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন। তবে নৌকায় করে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

ঘটনার খবর পেয়ে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেন। এদিকে ঘটনার পর থেকেই অভিযুক্ত শাহিন মিয়া আত্মগোপনে রয়েছেন।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হোসেন জানান, অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। একই সঙ্গে কী কারণে এবং কী পরিস্থিতিতে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা বিস্তারিতভাবে তদন্ত করে দেখা হচ্ছে।