নাজিরপুরে প্রায় এক হাজার শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলেন চেয়ারম্যান পদপ্রার্থী লাবু।

লেখক: এস এম পারভেজ তালুকদার
প্রকাশ: ২ ঘন্টা আগে

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:

‘ভাষা যেমন জাতির প্রাণ, শিক্ষা তেমনি শিশুর প্রাণ’—এই স্লোগানকে সামনে রেখে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে নাজিরপুর ইউনিয়নের ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় এক হাজার শিক্ষার্থীর মাঝে কলম বিতরণ করেছেন নাজিরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও নাজিরপুর ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি ওয়াহেদ মুরাদ লাবু। তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নাজিরপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এ শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।কর্মসূচিতে শিক্ষার্থীদের হাতে কলম তুলে দেওয়ার পাশাপাশি শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন ওয়াহেদ মুরাদ লাবু। এ সময় তিনি শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়া, নিয়মিত শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত থাকা এবং ভবিষ্যতে সুশিক্ষিত নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন।

অনুষ্ঠানে ওয়াহেদ মুরাদ লাবু বলেন, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। তাদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হলে পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষা ও স্বাস্থ্যসচেতনতার ওপর গুরুত্ব দিতে হবে। আগামী দিনেও শিক্ষার্থীদের মধ্যে আরও শিক্ষা উপকরণ বিতরণ করা হবে। পাশাপাশি অভিজ্ঞ দন্তচিকিৎসক এনে শিক্ষার্থীদের দাঁতের যত্ন ও পরিচর্যা সম্পর্কে সচেতন করার উদ্যোগ নেওয়া হবে।

তিনি শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহী করে তুলতে শিক্ষক, অভিভাবক এবং সমাজের সচেতন ব্যক্তিদের সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।এ সময় নাজিরপুর ইউনিয়ন বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।