নাজিরপুর ইউনিয়নকে আদর্শ ও আধুনিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করলেন চেয়ারম্যান পদ-প্রার্থী রাজা।

লেখক: এস এম পারভেজ তালুকদার
প্রকাশ: ২ ঘন্টা আগে

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:

নাটোরের গুরুদাসপুর উপজেলার ১নং নাজিরপুর ইউনিয়নকে একটি আদর্শ ও আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তোলার লক্ষ্যে পুরুলিয়া-চন্দ্রপুর আঞ্চলিক প্রীতি সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলার নাজিরপুর ইউনিয়নের চন্দ্রপুর তুলাধনা বাজারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে পুরুলিয়া ও চন্দ্রপুর এলাকাসহ ইউনিয়নের সর্বস্তরের মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে স্থানীয় উন্নয়ন ও জনকল্যাণমূলক বিষয় নিয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন মোঃ রাকিবুর রহমান রাজা। তিনি সাবেক ছাত্রনেতা, ১নং নাজিরপুর ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী।বক্তব্যে রাকিবুর রহমান রাজা বলেন, “নাজিরপুর ইউনিয়নকে একটি আদর্শ, উন্নত ও আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। দীর্ঘদিন ধরে এ ইউনিয়ন অবহেলিত। আমি এই অবহেলার অবসান ঘটাতে চাই।”

“আমাদের ইউনিয়নে এখনো অনেক রাস্তা কাঁচা রয়ে গেছে। এসব রাস্তা পাকাকরণসহ এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়ন করতে চাই। পাশাপাশি ইউনিয়ন পরিষদে সাধারণ মানুষের ভোগান্তি লাঘব করে নাগরিক সেবা সহজলভ্য করতে চাই। আমার স্বপ্ন, নাজিরপুর ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলা।

”তিনি এলাকার সার্বিক উন্নয়ন, যোগাযোগব্যবস্থার আধুনিকায়ন এবং সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এ লক্ষ্য বাস্তবায়নে এলাকাবাসীর সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। এসময় ১নং নাজিরপুর ইউনিয়ন বিএনপি, সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী, পুরুলিয়া ও চন্দ্রপুর এলাকাবাসী এবং সর্বস্তরের জনগণ উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।