দেশের সব বিমানবন্দরে বিশেষ সতর্কতা, জারি করা হয়েছে ১০ নির্দেশ।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০ মাস আগে

নিজস্ব প্রতিনিধি:

নালন্ডনের হিথ্রো, ব্রাসেলস ও বার্লিন বিমানবন্দরে সাইবার হামলার ঘটনার পর বাংলাদেশের সব বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এ লক্ষ্যে বিমানবন্দরগুলোকে ১০টি বিশেষ নির্দেশনা প্রদান করা হয়েছে।বৃহস্পতিবার (৯ অক্টোবর) বেবিচকের সদস্য (পরিকল্পনা ও পরিচালনা) এয়ার কমডোর আবু সাঈদ মেহবুব খানের স্বাক্ষরিত এক নির্দেশনায় এ সতর্কতা জারি করা হয়।

নির্দেশনায় বলা হয়েছে, বিশ্বের বিভিন্ন বিমানবন্দরে সম্প্রতি সাইবার হামলার ঘটনা ঘটেছে। বাংলাদেশে বিমান পরিবহন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন জরুরি। এজন্য শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার, সন্দেহজনক ই-মেইল বা লিংক এড়িয়ে চলা, সফটওয়্যার ও অ্যান্টিভাইরাস নিয়মিত আপডেট রাখা, পাইরেটেড সফটওয়্যার ব্যবহার না করা, অফিসিয়াল ডিভাইসে ব্যক্তিগত অ্যাপ ইনস্টল না করা এবং মাল্টি-ফ্যাক্টর অথেন্টিকেশন (এমএফএ) সক্রিয় রাখার ওপর জোর দেওয়া হয়েছে।

এছাড়া, কোনো ধরনের সাইবার নিরাপত্তা সংক্রান্ত সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে বেবিচকের সিএএবি সার্ট টিম, আইটি বিভাগ এবং জাতীয় সাইবার ইনসিডেন্ট রেসপন্স টিমকে অবহিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।